দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ সময় চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, গুলশান কার্যালয়ে বৈঠকের সময় চেয়ারম্যান নিজেই বরিশাল সফরের আয়োজন করতে নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও জানান, প্রায় ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানাতে সংগঠন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে অনুষ্ঠেয় প্রস্তুতি সভায় বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীসহ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে জনসভা সফল করতে করণীয় নির্ধারণ করা হবে।
সেরা সুযোগ
